জঙ্গি সম্পৃক্ততা থাকলেই জলমহাল ইজারা বাতিল: ভূমিমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ  সরকারি জলমহাল ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠানে জঙ্গি সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক জলমহাল ইজারা বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বললেন ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ সংশোধনের লক্ষ্যে জাতীয় কমিটিতে পর্যালোচনা ও পরীক্ষার নিমিত্ত জাতীয় জলমহাল কমিটির সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সংশ্লিষ্টদের এ কথা বলেন।

সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ এর মোট অনুচ্ছেদ সংখ্যা ৩৬। এর মধ্যে ২১টি অনুচ্ছেদ অপরিবর্তিত রাখা হয়েছে। ১৪টি অনুচ্ছেদে সংযোজন, সংশোধন, বিয়োজন করা হবে। ভূমি সচিব আবদুল জলিল জলমহাল ব্যবস্থাপনা নীতির সংযোজন, সংশোধন, বিয়োজনের বিষয়গুলো ব্যাখা করেন। কার্য়পত্র পাঠ করেন ভূমিমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন। অনুচ্ছেদ অংশগুলোতে উল্লেখযোগ্য কিছু অংশ সংযোজনের মধ্যে রয়েছে ‘প্রতিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ’, প্রকৃত মৎস্যজীবী কথাটির সাথে মৎস্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত ও কার্ডধারীদের’ কথাগুলো সংযোজিত হবে। এছাড়া সরকারি জলমহালভুক্ত যেমন হাওর, বাওড়, জলাশয় ইত্যাদির শ্রেণী পরিবর্তন করা যাবে না।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সামগ্রিকভাবে টীম ওয়ার্ক ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্মিলিতভাবে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ এর উপর আনীত ১৪টি বিষয়ের সংশোধনী ও সভায় প্রস্তাবিত সংশোধিত অংশগুলো সমন্বিতভাবে সংশোধন করে দ্রুত তা মন্ত্রিপরিষদে প্রেরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

জাতীয় জলমহাল কমিটির সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এম.পি., ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এম.পি., ভূমি সচিব আবদুল জলিল, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশারফ হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ার, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, অতিরিক্ত সচিব সিরাজ উদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেসমিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।