জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের করোনায় আক্রান্ত হলেন আরেক শিক্ষক। এ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের ৪জন আক্রান্ত হলেন তার মধ্যে সম্পূর্ণ সুস্থ ২।
নতুন আক্রান্ত ব্যক্তি সমাজকর্ম বিভাগের শিক্ষক। তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। করোনার উপসর্গে ঈদের দিন থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল এ তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক করোনায় সংক্রমিত হওয়ার তথ্য আমরা জেনেছি। এর মধ্যে দুইজন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। অন্য দুইজনও শারীরিক ও মানসিকভাবে সুস্থ।
প্রক্টর বলেন, ‘করোনাভাইরাস নমুনা পরীক্ষায় আজ তাঁর ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে শারীরিক অবস্থা ভালো থাকায় চিকিৎসকেরা তাঁকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর পরিবারের অন্য সদস্যরা সুস্থ এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। করোনায় বিশ্ববিদ্যালয় পরিবারের যেকোনো সদস্যের যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা আমরা করব।’





