ছাতক প্রতিনিধিঃ ছাতকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার নিয়োগ ও সরকারী ভাতা প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচনী কাজে নিয়োগের পূর্বে ও পরে প্রত্যেক আনসার সদস্যদের কাছ থেকে ৫শ’ টাকা থেকে ১৫শ’টাকা পর্যন্ত চাঁদা নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় আনসার সদস্যরা। এ বিষয়ে তদন্তপূর্বক অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিক্ষুদ্ধ অর্ধশতাধিক নারী-পুরুষ আনসার সদস্যরা একটি লিখিত অভিযোগ দিয়েছে।
লিখিত ওই অভিযোগে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ডিউটিতে নাম তালিকা ভূক্তির জন্য প্রত্যেক হত-দরিদ্র আনসার সদস্যদের কাছ থেকে অফিস খরচ দেখিয়ে ৫শ’টাকা চাঁদা নেয়া হয়েছে। নির্বাচন ডিউটি শেষে গত ৩ জানুয়ারী সরকার কর্তৃক পারিশ্রমিক বাবদ প্রত্যেক সদস্যকে ৫ হাজার টাকা দেয়া হয়। কিন্তু ওই দিন রাতেই আনসার ও ভিডিপি কার্যালয়ের ঝাড়–দার শাহীনুর ও তার স্বামী শুকুর আলীর মাধ্যমে আনসার সদস্যদের বাড়ী বাড়ী গিয়ে কর্মকর্তার দোহাই ও ভয়-ভীতি দেখিয়ে দিয়ে প্রত্যেকের কাছ থেকে ১ হাজার থেকে দেড় হাজার টাকা করে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়া হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তামিম আল জামাল এ ব্যাপারে বলেন, এসব অনিয়মের বিষয়ে আমি অবগত নই। অফিসের দোহাই দিয়ে আনসার সদস্যদের কাছ থেকে টাকা উত্তোলনের বিষয়টির খোঁজ-খবর নেয়া হচ্ছে।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী বলেন, নির্বাচনী ডিউটি পালনকারী আনসার সদস্যদের কাছ থেকে অফিসের নাম ভাঙ্গিয়ে অর্থ আদায়ের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।