একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাজধানীর চকবাজারের অগ্নিকান্ডে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেছেন।
আজ রবিবার দুপুরে অগ্নিকান্ডে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান মাননীয় স্পিকার। তিনি এসময় রোগী ও তাদের আত্মীয় স্বজন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। রোগীরা যাতে সুচিকিৎসা পায় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চিকিৎসকদের নির্দেশ প্রদান করেন।
পরিদর্শন শেষে বার্ন ইউনিটের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, চকবাজারের ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি শোক জানাতে জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হবে।
তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তবে তাদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসার সার্বক্ষণিক দৃষ্টি রেখেছেন।
এ সময় স্পিকারের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ও বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।





