খতনার সময় শিশুর গোপনাঙ্গ কেটে ফেললো হাজাম

কুষ্টিয়ায় সুন্নতে খতনা করার সময় এক শিশুর গোপনাঙ্গ কেটে ফেলে ফুরকান আলী (৭০) নামে এক হাজাম। শিশুর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগে হাজামকে আটক করেছে পুলিশ। আটক হাজামের বাড়ি সদর উপজেলার কবুরহাট খলিফাপাড়া গ্রামে।

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার উদিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, আহত শিশু সাদিক হোসেনকে (৯) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় উদিবাড়ি গ্রামের আকতার হোসেনের ছেলে। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওহিদুল আলম জানান, শিশু সাদিকের গোপনাঙ্গের দুই তৃতীয়াংশ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জরুরি সার্জারি বিভাগে শিশুটির রক্তক্ষরণ বন্ধে প্রয়োজনীয় শল্য চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটিকে বাঁচানো গেলেও পরবর্তীতে কতটুকু স্বাভাবিক হতে পারবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

শিশু সাদিকের বাবা আকতার হোসেন বলেন, আজ সকাল ৯টার দিকে ছেলের খতনা করতে হাজাম ফুরকান আলী বাড়িতে আসেন। পরে খতনা করতে গিয়ে পর পর দুইবার ক্ষুর চালিয়ে ছেলের গোপনাঙ্গের মাথা দুই টুকরো করে ফেলে। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরিস্থিতি খুব খারাপের দিকে গেলে ছেলেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানায় ছেলের গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, হাজাম ফুরকান আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।