কুড়িগ্রাম প্রতিনিধি : ১৩-১০-১৯: কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র হাঁটিরপাড় এলাকায় গৃহবধূ শারমীন আক্তার হত্যা মামলার পলাতক আসামী মাইদুল ইসলাম বাবুকে গ্রেফতার করে ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার দুপুর ১২টায় শহরের ঘোষপাড়ায় মানববন্ধনে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আল হারুনুজ্জামান হারুন, সাংবাদিক ছানালাল বকসী, নিহতের বাবা সাহাবুদ্দিন সাবু, মা শাহিনা বেগম, ভাই শাহীন, লিলি আক্তার প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর গৃহবধূ শারমীনকে তার স্বামী মাইদুল ইসলাম বাবু হত্যা করে পালিয়ে যায় বলে তার স্বজনরা দাবী করে আসছে। তাদের পরিবারে শিশির নামে ৪ বছরের একটি পূত্র সন্তান রয়েছে। ঘটনার পর থেকে মাইদুল ইসলাম বাবু পলাতক রয়েছে।
পরিবারের লোকজন জানান, ভালবেসে শারমীনকে বিয়ে করে একই পাড়ার মোহাম্মদ আলী (প্রাক্তন নাজির) পূত্র মাইদুল ইসলাম বাবু (৩০)। মাইদুল ইসলাম বাবু পাশর্^বর্তী লালমনিরহাট জেলায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। অপরদিকে শারমীন আক্তার বাড়ীর পাশেই একটি বেসরকারি ক্লিনিকে আলট্রাসনোগ্রামের কাজ করত। ঘটনার দিন একটি বেসরকারি এনজিও থেকে কিস্তি বাবদ ঋণ পাওয়ার কথা ছিল শারমীনের। তার আসতে দেরী হওয়ায় মাঠকর্মীর পরামর্শে শারমীনকে ডাকতে যান তার মা শাহিনা আক্তার। তিনি মেয়ের শশুর বাড়ীতে গিয়ে দেখতে পান বাহিরের ও ভিতরের ঘরের দরজা খোলা। তাদের চার বছরের পূত্র চিৎকার করে কাঁদছে। ঘরে ঢুকে মেয়েকে অন্ধকার মেঝেতে নিথর অবস্থায় পরে থাকতে দেখেন তার মা। ছোট্ট শিশু শিশির জানায় তার বাবা মাকে মেরেছে। তারপর থেকে কোন কথা বলছে না।
শারমীনের মা শাহিনা আক্তার দাবী করেন, নেশাগ্রস্থ তার জামাই মেয়েকে হত্যা করেছে। তার সাথে আরও কেউ থাকতে পারে। তিনি মেয়ের হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, আমাদের হাতে এখনো ময়না তদন্তের রিপোর্ট আসেনি। অভিযুক্তকে ধরতে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।



