যশোরের ঐতিহ্যবাহী ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি এম. সাইফুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ।
উপজেলা নির্বাহী অফিসারের নিজস্ব কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন শিক্ষকরা। এ সময় নবাগত ইউএনওকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাই স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি স্যারের নেতৃত্ব, দিকনির্দেশনা ও সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।
নবাগত ইউএনও ও বিদ্যালয়ের সভাপতি এম. সাইফুল্লাহ শিক্ষকবৃন্দের ফুলেল শুভেচ্ছায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিদ্যালয়ের পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. নুরুল ইসিলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক আফরোজ খানম চায়না, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, শবনাম পারভিন, স্বপন কুমার ঘোষ, সিরাজুল ইসলাম, ট্রেড ইন্সট্রাক্টর উজ্জল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, শাকিলা খাতুনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এম. সাইফুল্লাহ ২০২৬ সালের ১০ আগস্ট ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর উপজেলার বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।

