মাদারীপুরের কালকিনিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেনের উপর বোমা হামলাসহ একাধিক মামলার আসামী সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে রাজধানীর উত্তর এলাকার একটি বাসা থেকে আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, গত ২০ নভেম্বর দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহীদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনের কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে যান কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। এ সময় উভয়পক্ষের লোকজন বেশকয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে আহত হন ওসি শামীম হোসেনসহ উভয়পক্ষের ১০ জন। আহত শামীমকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওসিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক।
এই ঘটনায় কালকিনি থানার এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। এছাড়া থানার আরেক এসআই মো. বদরুজামান বাদী হয়ে দ্রুত বিচার আইনে ৪৭ জনের নাম উল্লেখ করে অপর একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত সাবেক ও বর্তমান এই দুই চেয়ারম্যানকে আাসমী করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামী করা হয়। অভিযান চালিয়ে ওইদিনই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর রাজধানীর উত্তর এলাকার একটি বাসা থেকে আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলকে গ্রেফতার করা হয়।
কালকিনি থানার ওসি (তদন্ত) মো. মারগুব তৌহিদ জানান, গ্রেফতার হাফিজুর রহমান মিলন একাধিক মামলার আসামী। তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসামীদের ধরতে অভিযান চলছে।



