বিশেষ প্রতিবেদকঃ প্রথম আলোর সাংবাদিক শিশির মোড়লকে মারধরের মামলায় রাজধানীর শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিয়াক বিভাগের সাবেক প্রধান চিকিৎসক সফিউল আজমের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শহীদুল ইসলাম এ আদেশ দেন। আজই আদালতে এ মামলায় অভিযোগ গঠনের জন্য শুনানির বিষয়ে দিন ধার্য ছিল।
বাদীর আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জানান, আসামি সফিউল আজম আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। তিনি ফৌজদারি কার্যবিধির ২৬৫ (গ) ধারায় অব্যাহতির এই আবেদন জানান। কিন্তু আবেদনের ওপর শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১৩ মে দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিবেদক শিশির মোড়ল তথ্য সংগ্রহ করতে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিয়াক বিভাগের প্রধান চিকিৎসক সফিউল আজমের চেম্বারে যান। সেখানে ওই সাংবাদিককে আটকে রেখে নির্যাতন করেন ওই চিকিৎসক। তাঁর সহযোগী হিসেবে ছিলেন সুফিয়ান। এ ঘটনায় ওই দিনই হাজারীবাগ থানায় শিশির মোড়ল বাদী হয়ে একটি মামলা করেন।
এ ঘটনার পর ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন চিকিৎসক শফিউল আজমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাসপাতালের কর্মচারী আবু সুফিয়ানকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে মামলার পর চিকিৎসক সফিউল আজমকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে মামলা তদন্তের জন্য তাঁকে আটক করে পুলিশ। আটকের পর কিছুদিন কারাগারে ছিলেন চিকিৎসক সফিউল আজম।




