উত্তর কোরিয়া ইস্যুতে জাতিসংঘে ভোট চলছে

নিউজ ডেস্কঃ  উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট চলছে আজ শনিবার।

সম্প্রতি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় শুক্রবার নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব তোলে আমেরিকা।

বিলটি পাস হলে বার্ষিক ১০০ কোটি আমেরিকান ডলারের রপ্তানি রাজস্ব থেকে বঞ্চিত হবে পিয়ংইয়ং।

খসড়ায় উত্তর কোরিয়ার ইস্পাত, কয়লা, লোহা, সিসা ও সামুদ্রিক খাবার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আনার কথা বলা হয়েছে।

এসব পণ্য রপ্তানি বছরে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে উত্তর কোরিয়া।

আমেরিকা কী উত্তর কোরিয়ায় সামরিক হামলা চালাবে নাকি কূটনৈতিক সমঝোতার পথ বেছে নেবে- এ নিয়ে গেলো সপ্তাহে সরব হয়ে উঠে বিশ্ব মিডিয়া।

মূলত হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের এ বিষয়ে পরস্পর বিরোধী মতামতের জন্যই এমন ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়।

গেলো মঙ্গলবার মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ইঙ্গিত দিয়েছেন যে, উত্তর কোরিয়ার ওপর হামলা চালাতে প্রস্তুত আমেরিকা।

অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলছেন, উত্তর কোরিয়ার শত্রু নয় আমেরিকা। দেশটির শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করছে না তারা।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কয়েক দিন আগে চালান এক পরীক্ষায় উত্তর কোরিয়ার ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি আমেরিকায় আঘাত হানতে সক্ষম বলে দাবি করে দেশটির কর্তৃপক্ষ।

এর আগে চলতি বছরের এপ্রিলে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে কূটনৈতিক উপায়ে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেয় আমেরিকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।