আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় স্থগিত হওয়া বাকাল ও বাগধা ইউনিয়নের দুটি ভোট কেন্দ্রে ৩১ অক্টোবর পুনঃ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ২২মার্চ ইউপি নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় স্থগিত থাকে বাকাল ও বাগধা ইউনিয়নের দুটি ভোট কেন্দ্রের।
সোমবার বিকেলে বাকাল ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. বখতিয়ার উদ্দিন ও বাগধা উইনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা স্বাক্ষরিত পত্রে জানা গেছে, প্রথম ধাপের ২২মার্চ ইউপি নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় স্থগিত হওয়া বাকাল ও বাগধা ইউনিয়নের দুটি ভোট কেন্দ্রে ৩১ অক্টোবর পুনঃ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কেন্দ্র দুটি হলো বাকাল ইউনিয়নের ভেগাই হালদার পাবলিক একাডেমী ও বাগধা ইউনিয়নের আমবৌলা কেরামতিয়া আলিম মাদ্রাসা। ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রের ভোট সংখ্যা ৩০৯২ জন ও আমবৌলা কেরামতিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের ভোটার সংখ্যা ২৯২১ জন।
নির্বাচন চলাকালীন ব্যালট ছিনতাইয়ের অভিযোগে প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন। আমবৌলা কেরামতিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে প্রিসাইডং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারদের জিম্মি করে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন প্রিসাইডং অফিসার ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক।
ব্যালট ছিনতাইয়ের ১০ দিন পর ৩১ মার্চ রাতে ওই প্রিসাইডিং অফিসাররা বাদী হয়ে অজ্ঞাতনামা দেড়’শ জন করে মোট ৩শ জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। যার নং-৮ ও ৯। ওই মামলা দুটি পুলিশের বিশেষ শাখা তদন্ত করছেন বলে জানাগেছে।




