জনস্বার্থকে গুরুত্ব দিয়ে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন: পানিসম্পদ মন্ত্রী

জনস্বার্থকে গুরুত্ব দিয়ে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন: পানিসম্পদ মন্ত্রী
জনস্বার্থকে গুরুত্ব দিয়ে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন: পানিসম্পদ মন্ত্রী

দেশের স্বার্থ ও স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় নাফ নদীর সীমান্ত সড়কসংলগ্ন পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে নাফ নদীসংলগ্ন পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্প নিয়ে সুবিধাভোগী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা, বন্যা নিয়ন্ত্রণ ও নদী খননসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সরকার কাজ করছে। কারিগরি সমীক্ষা এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নাফ নদীর পোল্ডারগুলোর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, সীমান্ত সড়ক ও পোল্ডার পুনর্বাসন প্রকল্পে ইতোমধ্যে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে প্রকল্পটির বরাদ্দ বৃদ্ধি ও সংশোধন করা হলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী সুফল পাওয়া যায়নি। একই প্রকল্প বারবার সংশোধন করে অতিরিক্ত অর্থ বরাদ্দের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কৃষি, মানুষের জীবন-জীবিকা, নিরাপত্তা ও পরিবেশের বিষয়গুলোকে সমান গুরুত্ব দিতে হবে। স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে প্রকল্পটি নতুন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় পোল্ডার পুনর্বাসন, বেড়িবাঁধের বর্তমান অবস্থা, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক এবং স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। এ সময় সুবিধাভোগী ও স্থানীয় বাসিন্দারা প্রকল্পসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন।

সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে পানিসম্পদ মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বেড়িবাঁধের বর্তমান পরিস্থিতি, নদীভাঙন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।