জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে: মীর শাহে আলম

জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে: মীর শাহে আলম
জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি

জনগণের ভোট ও ম্যান্ডেটের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে বিএনপি। দলটি সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও জনকল্যাণে কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো, আক্রান্ত রোগী শনাক্ত করা এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মীর শাহে আলম বলেন, বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনায় বিশ্বাসী। বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা দলটির নেই। বিএনপি সব সময় জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী দাবি করেন, জনগণ রাজনৈতিক ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করে বলেন, অনৈতিক কর্মকাণ্ড আড়াল করার রাজনীতি জনগণ গ্রহণ করবে না।

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, সরকারের কোনো ব্যর্থতা কিংবা বিদ্যুৎ-সংকট ও লোডশেডিংয়ের মতো সমস্যার ক্ষেত্রে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাঁর মতে, এ ধরনের জবাবদিহিমূলক আচরণই বিএনপির দায়িত্বশীল রাজনীতির পরিচয়।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের সেবায় কাজ করছেন। নিরাপদ খাবার পানি, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, সড়ক উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নে দলটি কাজ করছে।

ঢাকাকে আরও বাসযোগ্য করে তোলার এসব উদ্যোগের ধারাবাহিকতায় ভবিষ্যতেও নগরবাসী বিএনপির প্রার্থীদের সমর্থন দেবেন বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিএনসিসির বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাম্পে ডিএনসিসি এলাকার বাসিন্দাদের ডেঙ্গু বিষয়ে সচেতন করার পাশাপাশি রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। দিনব্যাপী এ কার্যক্রমে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), পরিবার পরিকল্পনা, অসংক্রামক রোগ (এনসিডি), পুষ্টি এবং সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি আগত রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা, প্রশাসনিক প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।