ঢাকার বস্তি এলাকায় যক্ষ্মা রোগ শনাক্তকরণ কার্যক্রম আরও বিস্তৃত করতে বাংলাদেশকে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান সরকার। দেশটির ‘গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস’ বা তৃণমূল পর্যায়ের মানব নিরাপত্তা প্রকল্পের আওতায় এ অর্থ দেওয়া হচ্ছে।
সোমবার (৫ অক্টোবর) ঢাকায় জাপান দূতাবাসে এ বিষয়ে একটি অনুদান চুক্তি সই হয়েছে। চুক্তিতে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ’ (আইসিডিডিআর,বি)-এর প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার জাপান দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুদানের অর্থে ‘ঢাকা জেলায় যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য ল্যান্ড ক্রুজার গাড়ি সংগ্রহ প্রকল্প’ বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের আওতায় আইসিডিডিআর,বি একটি টয়োটা ল্যান্ড ক্রুজার এবং একটি ফুজিফিল্ম পোর্টেবল ডিজিটাল এক্স-রে ইউনিট সংগ্রহ করবে।
সংগৃহীত এসব সরঞ্জাম ব্যবহার করে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা দল ঢাকার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও সীমিত সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর কাছে সরাসরি যক্ষ্মা স্ক্রিনিং সেবা পৌঁছে দেবে।
প্রকল্পের আওতায় প্রতি বছর প্রায় ৯ হাজার মানুষকে যক্ষ্মা স্ক্রিনিংয়ের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে আগে শনাক্ত না হওয়া রোগীদের খুঁজে বের করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে। দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করার ফলে যক্ষ্মার সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমানো যাবে বলে আশা করা হচ্ছে।
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, মানুষের জীবন ও মর্যাদা রক্ষার বিষয়টিকে জাপান অত্যন্ত গুরুত্ব দেয়। স্বাস্থ্যসেবা পেতে যারা নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হন, তাদের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রকল্পটি জাপানের মানব নিরাপত্তার প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করছে।





