তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে পৃথক নিয়োগপত্র জারি করা হয়েছে।
নিয়োগসংক্রান্ত পত্রের তথ্য অনুযায়ী, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুসারে রাষ্ট্রপতি তিনজনকে তথ্য কমিশনের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, যিনি প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সাংবাদিক এস.এ.এম. মাহফুজুর রহমান এবং সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে।
তথ্য অধিকার আইন অনুযায়ী, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা, সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য প্রকাশে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং তথ্য অধিকার বাস্তবায়নে তথ্য কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।





