বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস ও এজিএস।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জামায়াত আমিরের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ডাকসুর মেয়াদ সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করায় ছাত্র সংসদের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের পড়াশোনা ও অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন।
বৈঠক শেষে ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন প্রশাসনিক উদ্যোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অসহযোগিতা ও বাধা সৃষ্টির বিষয়ে উদ্বেগ ব্যক্ত করেছেন জামায়াত আমির। একই সঙ্গে ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের মব সন্ত্রাসের অভিযোগের প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ক্যাম্পাসে ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে পরবর্তী ডাকসু নির্বাচনের দ্রুত রূপরেখা এবং সময়োপযোগী তফসিল ঘোষণার যে দাবি শিক্ষার্থীরা তুলছেন, তার সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি আশ্বাস দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক সংকট নিরসনসহ মানসম্মত শিক্ষা ও গবেষণার সার্বিক পরিবেশ নিশ্চিতকরণে ডাকসু নেতাদের প্রতিটি ইতিবাচক উদ্যোগে তাঁর দল পাশে থাকবে।
পরামর্শ প্রদানকালে ডা. শফিকুর রহমান বলেন, ক্যাম্পাসে পড়াশোনার সু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের জনকল্যাণমূলক কাজে ছাত্র নেতাদের আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ও ভাবনার ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ডাকসু পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।





