যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ৭ লক্ষ ৪১ হাজার ৩০০ শত টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৭২টি শাড়ী, ১টি কম্বল, ০.৫ কেজি জিরা, ২.৫ কেজি কিসমিস, ১২২টি চকলেট ও ১৬২টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৭,৪১,৩০০/-(সাত লক্ষ একচল্লিশ হাজার তিনশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।





