তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরকার পূর্ণ আস্থা রাখে। সাংবাদিকরা যাতে কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
আজ নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস ও এসএসসি এবং দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী। সাংবাদিকদের কল্যাণ প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে নির্ধারিত ৬ কোটি টাকার বাজেট ২৫ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, সংবাদপত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকতার পেশাগত মানও নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।
হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য যাতায়াতের সুবিধা এবং পৃথক একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি শুধু একটি এলাকার নয়, এটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। হাওর অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে তাদের যাতায়াত ও পড়াশোনার সুযোগ-সুবিধা সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এ বিষয়ে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষায় ভালো ফলাফল বা জিপিএ-৫ অর্জনই জীবনের একমাত্র সাফল্য নয়। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পরিবার, শিক্ষক ও দেশের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা করতে হবে। তাহলেই জীবনে প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।
তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ের তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন মাঠ আধুনিকায়নের কাজ চলছে। পাশাপাশি অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে চীনা ও আরবি ভাষা শেখানোর বিশেষ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।





