আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় রেখে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে: মন্ত্রী ডা. জাহিদ হোসেন

আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় রেখে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে: মন্ত্রী ডা. জাহিদ হোসেন
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়ন

আগামী অর্ধশতাব্দীর চিকিৎসাসেবার সম্ভাব্য চাহিদা মাথায় রেখে দেশের চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) ‘ফার্স্ট ওপেন হার্ট সার্জারি ডে’ এবং ‘কারডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্স অব এনআইসিভিডি-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা কেউ চিরদিন থাকব না, কিন্তু এ দেশ এবং এর জনগণ থেকে যাবে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব, তবে পাশাপাশি রাষ্ট্রের আর্থিক সামর্থ্যের বিষয়টিকেও বাস্তবসম্মতভাবে দেখতে হবে।”

দেশে হৃদরোগ চিকিৎসার আধুনিকায়নে প্রথিতযশা বিশেষজ্ঞদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি এই চিকিৎসার সূচনালগ্নে প্রযুক্তিগত সহায়তার জন্য বন্ধুপ্রতীম রাষ্ট্র জাপানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মন্ত্রী আরও জানান, হৃদরোগের চিকিৎসা সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার ব্যবহৃত ভাল্ব ও স্টেন্ট (রিং)-এর ওপর থেকে ট্যাক্স মওকুফ করেছে। এ ছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “বর্তমানে বাংলাদেশে হৃদরোগের সব ধরনের উন্নত চিকিৎসা সম্ভব হচ্ছে। বিগত দিনের অনিয়ম দূর করে বর্তমান সরকার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ নিশ্চিত করেছে।”

আলোচনা সভার পূর্বে মন্ত্রী একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন এবং হাসপাতাল প্রাঙ্গণে একটি নিমগাছ রোপণ করেন।

উল্লেখ্য, ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার এনআইসিভিডিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। এ স্মরণীয় অর্জনকে ধরে রাখতে প্রতিবছর ১৮ সেপ্টেম্বরকে ‘ওপেন হার্ট সার্জারি ডে’ হিসেবে পালন করা হয়। এনআইসিভিডি-র পরিচালক, বিশিষ্ট কার্ডিয়াক সার্জন, চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।