অর্থনৈতিক ডেস্ক: গত এক বছর ধরে ভাটা পড়েছে রেমিট্যান্স (প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা) আয়ে। সদ্য বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে প্রবাসীরা যে বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন, তা আগের অর্থবছরের তুলনায় ৩৯ কোটি ডলার কম।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা। এটি মোট হিসেবের ২ দশমিক ৫৫ শতাংশ কম। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৪৬ কোটি ১১ লাখ ডলার। আর ২০১৩-১৪ তে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪২২ কোটি ৮৩ লাখ ডলার। তবে এ বিগত চার বছরের মধ্যে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে ২০১৪-১৫ অর্থবছরে; এ সময় রেমিট্যান্স অতিক্রম করেছিল দেড় বিলিয়ন ডলার।
তিন যুগেরও বেশি সময়ে পর প্রথমবারের মতো ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ কমে। তবে গত ২০১৪-১৫ অর্থবছরে কিছুটা ইতিবাচক হলেও সদ্য বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে আবারও ধস নামল প্রবাসী আয়ে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, সদ্য শেষ হওয়া জুন মাসে ঈদের কেনাকাটার জন্য প্রবাসীরা দেশে রেমিট্যান্স বেশি পাঠিয়েছে। ফলে মে মাসের তুলনায় জুনে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। জুন মাসে ১৪৬ কোটি ২৬ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের জুন মাসের চেয়ে ২ কোটি ৩৩ লাখ ডলার বা ২ দশমিক ৫৪ শতাংশ বেশি।

