স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লিগ শুরুর আগেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচটি দারুণ উপভোগ করেছে ফুলবল প্রেমীরা। তবে শেষ হাসিটা অবশ্য রিয়াল সমর্থকদের। যদিও জয় ছাপিয়ে এখন আলোচনায় রিয়ালের সেরা তারকা রোনালদোর লাল কার্ড।
দু’দলের প্রথমার্ধের লড়াই থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকে। টনি ক্রুসের কর্নার ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন তিনি।
তবে সেই ধাক্কা বাসা দ্রুতই কাটিয়ে ওঠে। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান লিওলেন মেসি। এর মধ্যদিয়ে চলতি মৌসুমে গোলের খাতা খুললেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।
রিয়াল রক্ষণে নাভাস উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজকে বাজেভাবে ট্যাকল করলে রেফারি বার্সার পক্ষে স্পট কিকের নির্দেশ দেন। তা থেকেই দলকে সমতায় ফেরান মেসি।
তবে তখনও যে রহস্যের ঢের বাকি। শেষ ১০ মিনিটে সব জাদু জমিয়ে রেখেছিলেন জিনেদিন জিদানের শিষ্যরা। ৮০ মিনিটে ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দেন রোনালদো।
ইসকোর পাস ধরে ব্যবধান বাড়ানোর পর তিনি নিজের জার্সি খুলে ফেলেন। ম্যাচ শেষে মেসি যেভাবে নিজের জার্সি গ্যালারির দিকে ধরেন, সেটি করতে গিয়ে হলুদ কার্ড পান। দুই মিনিট বাদেই ঘটে ম্যাচের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
রোনালদো বার্সার রক্ষণ ভেঙে গোল মুখে এগিয়ে গেলে বাধা দেন উমতিতি। এতে পড়ে যান তিনি। এরপর পেনাল্টি দাবি করলে পর্তুগিজ তারকার আবেদন নাকচ করেন রেফারি।
এতে চটে যান রোনালদো। রেফারির দিকে তেড়েফুঁড়ে যান। দ্বিতীয় হলুদ কার্ড মিলে লাল হলে বিমুড় হয়ে পড়ে রিয়াল দর্শকরা। কিন্তু পর্তুগিজ মহাতারকা তখনও মাঠ ছাড়তে নারাজ। ধাক্কা মেরে বসেন রেফারিকে। এটিই হয়তো তার কপাল পুড়তে যাচ্ছে। সম্ভবত চার থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে চলেছেন সিআর-৭।


