হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজায় ৩(তিন) দিনের সরকারী ছুটির দাবীতে ১২ বছর ধরে দেশব্যাপী মানববন্ধন, স্মারকলিপি সহ নানা কর্মসূচী পালন করার পরও সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হওয়ায় সারাদেশের হিন্দু সম্প্রদায় হতাশ। জানিয়েছেন বাংলদেশ জাতীয় হিন্দু মহাজোট।
আজ ২১ অক্টোবর বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দেশের শীর্ষ হিন্দু জাতীয়তাবাদী সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক লিখিত বক্তব্যে একথা জানান।
তিনি আরও জানান, এদেশের হিন্দু সম্প্রদায় আশা করেছিল সংবিধান সমুন্নত রাখতে এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভুতির কথা বিবেচনা করে ৫ দিনের শারদীয় দূর্গা পুজায় সরকার অন্ততঃ ৩ দিন সরকারী ছুটি ঘোষণা করবে। কিন্তু সারাদেশের হিন্দু সম্প্রদায়ের এত আন্দোলন আবেদন নিবেদনের পরও প্রধানমন্ত্রীর কোন ঘোষণা না পাওয়ায় সারাদেশের হিন্দু সম্প্রদায় হতাশ।
বক্তারা বলেন, সারা বছর হিন্দু সম্প্রদায় এই দিনগুলির দিকে চেয়ে থাকে। পরিবারের সবাই এই ধর্মীয় উৎসবেই একত্রিত হওয়ার জন্য উন্মূখ থাকে; অথচ শুধুমাত্র পুজার শেষের দিন অর্থাৎ বিজয়া দশমীর দিন ১ দিন সরকারী ছুটি থাকায় হিন্দু সম্প্রদায় পরিবার পরিজন নিয়ে ধর্মীয় উৎসব পালন করার সুযোগ থেকে বঞ্চিত থাকে। ফলে পিতা মাতার সাথে সন্তানদের এবং স্বামী স্ত্রী সহ পরিবাবের অন্যান্যদের সাথে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। এতে করে পারিবারিক শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে। বহু আকাঙ্খিত এই দিনগুলি আনন্দের পরিবর্তে বিষন্নতায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, দেশে প্রতিদিনই কোন না কোন স্থানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে। গত কয়েক দিনের মধ্যে ফরিদপুরের বোয়ালমারীতে দুর্গা প্রতিমা ভাংচুর করা হয়েছে। নোয়াখালীর সদর উপজেলায় লক্ষী নারায়নপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘরে অগ্নি সংযোগ করা হয়েছে। সনাতন বিদ্যার্থী পরিষদের সভাপতি অধ্যাপক কুশল চক্রবর্তীকে অশ্লীল গালাগালি সহ হত্যার হুমকী দেয়া হয়েছে, ব্রাহ্মনবাড়ীয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউপির সংরক্ষিত মহিলা প্রণতি দাসকে ধর্ষন চেষ্টা, প্রাণনাশের হুমকী, ঘরবাড়ী জ্বালিয়ে দেওয়ার হুমকী, রাজবাড়ী জেলার নাড়–য়ায় অসিত কুমার বিশ্বাসের বাড়ী দখলের অপচেষ্টা, ফরিদপুরের কানাইপুরে সন্ত্রাসী জসিম গং কর্তৃক নারায়ন মন্ডলকে বাড়ীঘর থেকে উচ্ছেদ করা হয়েছে।
মহাসচিব বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অযুহাতে সুজন দে নামে এক দর্জিকে ৭ বছর কারাদন্ড দেয়া হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিঠুন মন্ডলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। বরিশালের উজিরপুরে যুথিকা মন্ডল নামে এক কিশোরীকে ধর্ষন করা হয়েছে। হবিগজের লস্করপুর কালি মন্দিরে চুরি হয়েছে। রংপুরে উখিয়া রাউত ও সাভারে নিলা রায় নামে দুই কিশোরীকে ধর্ষন শেষে হত্যা করা হয়েছে। কক্সবাজারে উদীয়মান সঙ্গীতশিল্পী জনি দে কে হত্যা করা হয়েছে। হিন্দু ধর্ম নিয়ে কটুক্তি ডালভাতের মত। বিভিন্ন ওয়াজ মহফিল, ফেসবুক ম্যসেঞ্জার ইত্যাদিতে হিন্দু ধর্ম নিয়ে নানা বানোয়াট অশ্লীল কেচ্ছা কাহিনী প্রচার করা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ এর কোন উত্তর দিলেই ধর্ম অবমাননার অযুহাতে হামলা মামলা ইত্যাদি।
তিনি আরও বলেন, ইসলাম ধর্মকে মহান তুলে ধরতে শর্টফ্লিম, নাটক ইত্যাদিতে হিন্দু ধর্ম, রীতি নীতি সমাজব্যবস্থা ইত্যাদিকে হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করে এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসবের বিরুদ্ধে অভিযোগ করলেও আজ পর্যন্ত হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে পুলিশ কাউকে গ্রেফতার করে নাই। সরকার মঠ মন্দির প্রতিমা ভাংচুর ও বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগকারীদেরকে চিহ্নিত ও গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ফলে অপরাধীরা অপরাধ করতে আরও উৎসাহিত হচ্ছে। হিন্দুদের জনজীবন দিন দিন অসহনীয় ও দুর্বিসহ হয়ে উঠেছে।
দেশে ব্যপকভাবে হিন্দু বাড়ীঘরে মঠ মন্দিরে হামলা হয়েছে, লুঠ-পাঠ অগ্নি সংযোগ, খুন, দেশ ত্যাগে বাধ্যকরণ, ধর্ষন হয়েছে; কিন্তু কারো কোন বিচার হয় নাই বা শাস্তি বিধানও করা হয় নাই। সেকারনে হিন্দু সম্প্রদায় এখনো আতঙ্কগ্রস্থ। করোনার অযুহাতে বিভিন্ন স্থানে পুলিশী নিরাপত্তা বিধানে অনিহা প্রকাশের সংবাদ পাওয়া যাচ্ছে। আর একারনে হিন্দু মহাজোট আসন্ন দূর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করারও দাবী জানাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী, নির্বাহী সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায়, সিনিয়র সহ সভাপতি প্রদীপ চন্দ্র পাল, মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব সুজন দে, অ্যাডভোকেট লাকী বাছাড়, সাংগঠণিক সম্পাদক অ্যাডভোকেট সুজয় ভট্টাচার্য, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড প্রতীভা বাকচী, ছাত্র বিষয়ক সম্পাদক অধ্যাপক সুমন সরকার, হিন্দু সাংস্কৃতিক মহাজোটের সভাপতি সাধন লাল দেবনাথ, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, ঢাকা দক্ষিনের সভাপতি ডিকে সমির, সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, অখিল বিশ্বাস, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক সজিব কুন্ডু প্রমূখ ।


