সৈকত দত্ত ॥ শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দাদপুর দক্ষিণ ভাষানচর গ্রামের দরিদ্র কৃষক আব্দুস সালাম সরদারের ছেলে মো. শহীদুল ইসলাম (১২) মাত্র ১০ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। শহীদুল সদর উপজেলার চিতলীয়া ইউনিয়নের কাশিপুর আদর্শ হেফজখানা মাদ্রাসার ছাত্র। সে বাড়ির পাশের একটি নুরানী মাদ্রাসা থেকে ৩য় শ্রেনী পাশ করে কাশিপুর আদর্শ হেফজখানা মাদ্রাসায় ভর্তি হয়ে মাত্র ১০ মাসের মধ্যে কোরআনের হাফেজ হন।
সাম্প্রতি কাশিপুর আদর্শ হেফজখানায় গিয়ে শহীদুলের শিক্ষক, সহপাঠী, ও স্থানীয়দের সাথে কথা বলে শহীদুলের কৃতিত্বের কথা জানা গেছে।
শিক্ষকরা জানান, শহীদুল ইসলাম গত ২০১৬ সালের আগষ্ট মাসে কাশিপুর আদর্শ হেফজখানা মাদ্রাসায় ভর্তি হয়। এরপর নিয়মিত পড়াশোনা মাধ্যমে গত ১০ মে সে পুরো কোরআন শরীফ মুখস্ত করতে সক্ষম হয়। প্রথমে শহীদুল প্রতিদিন ৫ থেকে ৭ পৃষ্ঠা করে কোরআন শরীফ মুখস্ত করে ওস্তাদকে শোনাতো। পরবর্তীতে ৮ থেকে ১০ পৃষ্ঠা করে মুখস্ত শুনিয়ে ১০ মাসের মধ্যে পুরো কোরআন মুখস্ত করে। শহীদুদের কৃতিত্বে মাদ্রাসার সুনাম ছড়িয়ে পড়েছে। যে বয়সে ছেলেরা খেলাধুলা করে বেড়ায় সেই বয়সেই শহীদুলের এমন কৃতিত্বে মাদ্রাসার শিক্ষক, বাবা-মা ও এলাকাবাসী খুবই গর্বিত।
হাফেজ মাওলানা সিফাত মাহমুদ বলেন, শহীদুল আমাদের গর্ব। ৭০ বছরের মধ্যে ওর মতো ছাত্র এই মাদ্রাসায় ভর্তি হয়নি। শহীদুল আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। ওর কারণে কাশিপুর আদর্শ হেফজখানা মাদ্রাসার সুনাম ছড়িয়ে পড়ছে। আমি দোয়া করি শহীদুল যেন বড় আলেম হয়ে ইসলাম এবং মানুষের সেবা করতে পারে। কিন্তু শহীদুলের বাবা একজন দরিদ্র দিন মজুর। তার পক্ষে ছেলেকে লেখাপড়া করানো সম্ভব নয়। তাই শহীদুলের লেখাপড়ার জন্য সরকার এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতাই পারে শহীদুলের দরিদ্র বাবা-মার স্বপ্ন পূরণ করতে।
শহীদুল ইসলামের ছাত্রভাই জিহাদুল ইসলাম, বেলায়েত হোসেন, মারুফ হাসান ও মো. ইয়াছিন আরাফাত জানান, শহীদুল একজন মেধাবী ও ভালো ছাত্র। পড়াশোনার প্রতি তার ছিল গভীর আগ্রহ। যেখানে অন্যান্য ছাত্রদের ২ থেকে ৫ বছর পর্যন্ত সময় লেগে যায় হাফেজ হতে সেখানে শহীদুল মাত্র ১০ মাসের মধ্যে হেফজ পড়া শেষ করেছে।
শহীদুলের বাড়িতে গিয়ে জানা যায়, আংগরিয়া ইউনিয়নের দাদপুর দক্ষিন ভাষান চর গ্রামের দরিদ্র কৃষক আব্দুস সালাম সরদারের ৫ ছেলে-মেয়ের মধ্যে শহীদুল সবার ছোট। দরিদ্রতার কারণে আব্দুস সালাম সরদার তার কোন ছেলে-মেয়েকেই লেখাপড়া করাতে পারেনি। বড় ছেলে আরিফ হোসেন লেখাপড়া না করতে পেরে ঢাকায় গার্মেন্টসে কাজ করে পরিবারে সহযোগিতা করছে। বড় মেয়ে সীমা আক্তার প্রায় ৮ বছর যাবত মানুষিক ভাবে অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে। ছোট মেয়ে রিমা আক্তারকে পড়ালেখা না করাতে পেরে বিয়ে দিয়ে স্বামীর বাড়ি দিয়েছে। শহীদুলের ১ বছরের বড় নাঈম হোসেন লেখাপড়া না করে দরিদ্র বাবার কাজে সহযোগীতা করছে।
দরিদ্র দিনমজুর আব্দুস সালাম সরদার তার কোন ছেলে-মেয়েকে লেখাপড়া করাতে না পারলেও ছোট ছেলে শহীদুল ইসলামকে এলাকার একটি নূরানী মাদ্রাসায় পড়তে দিয়েছিলেন। শহীদুলও এই সুযোগ হাতছাড়া করেনি। সে নিয়মিত লেখাপড়া করে নূরানী মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে তৃতীয় শ্রেনী পাশ করে। লেখাপড়ার প্রতি শহীদুলের আগ্রহ এবং ভালো মেধা দেখে শিক্ষকদের পরামর্শে কাশিপুর আদর্শ হেফজখানা মাদ্রাসায় ভর্তি করে দেন বাবা আব্দুস সালাম সরদার। মেধাবী শহীদুল ইসলাম ওই মাদ্রাসায় থেকে পড়াশোনা করে মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ হয়ে বাবা-মা ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করেছে।
শহীদুলের বাবা আব্দুস সালাম সরদার বলেন, আমি গরীব মানুষ। নিজে লেখাপড়া করতে পারিনি। খেতেখামারে কাজ করে ছেলে-মেয়েদের নিয়ে কোন মতে বেঁচে আছি। দদ্রিতার কারণে কোন ছেলে-মেয়েকে পড়ালেখা করাতে পারিনি। ছোট ছেলেটিকে বাড়ির পাশের নূরানী মাদ্রাসায় পড়তে দিছিলাম। ওর লেখাপড়ার প্রতি আগ্রহ ও ভালো মেধা দেখে পরবর্তীতে হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেই। শহীদুল আল্লাহর রহমতে অল্পকয়দিনে হেফজ পড়া শেষ করেছে। আমি দোয়া করি শহীদুল যেন বড় আলেম হয়ে মানুষের সেবা এবং ইসলামের খেদমত করতে পারতে পারে। ওর জন্য সবাই দোয়া করবেন।
শহীদুলের মা আলেয়া বেগম বলেন, কোন ছেলে-মেয়েকে পড়ালেখা করাতে পারিনি, এটা আমাদের বড় কষ্ট। বড় ছেলে ঢাকায় গার্মেন্টেসে কাজ করে সংসারের খরচ যোগায়। বড় মেয়ে ১২ বছর বয়সে মানুষিক ভাবে অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে। ছোট মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। আরেক ছেলে তার বাবার কাজে সহযোগীতা করছে। এখন ছোট ছেলেটিই আমাদের একমাত্র আশা ভরসা। ওর জন্য সবাই দোয়া করবেন। ও যেন সবার সহযোগিতায় লেখাপড়া চালিয়ে যেতে পারে।
হাফেজ শহীদুল ইসলাম বলেন, আমরা বাবা একজন গরীব কৃষক। তাই আমার কোন ভাই বোন লেখাপড়া করতে পারেনি। আমি সবার ছোট তাই আমাকে মাদ্রাসায় ভর্তি করেছেন । আমি এই সুযোগকে কাজে লাগিয়ে বাবা-মার দু:খ কষ্ট দূর করতে চাই। লেখাপড়া করে আমি যেন বড় আলেম হয়ে ইসলাম এবং মানুষের সেবা করতে পারি সে জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।
ট্রাস্ট চেয়ারম্যান আব্দুল আউয়াল হাওলাদার বলেন, দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের কথা চিন্তা করেই আমার বাবা মাওলানা আলী আকবর কাশিপুর আদর্শ হেফজখানা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এই মাদ্রসার বেশির ভাগ ছাত্রই দরিদ্র পরিবারের। এই মাদ্রাসায় অনেক কৃতি ছাত্র পড়াশোনা করেছে। দরিদ্র কৃষকের ছেলে শহীদুল ১০ মাসে কোরআনের হাফেজ হয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। সে একজন মেধাবী ছাত্র। ওর জন্য আমরা গর্বিত। শহীদুল পরবর্তীতে কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি হলে আলী আকবর ওয়েলফেয়ার ট্রাস্ট্রের পক্ষ থেকে তার লেখাপড়ার ব্যায়ভার বহন করা হবে।
১৯৪১ সালে মরহুম মাওলানা আলী আকবর স্থানীয়দের সহযোগীতায় কাশিপুর আদর্শ হেফজখানা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এরপর ১৯৮৬ সালে সেখানে প্রতিষ্ঠিত হয় কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা। বর্তমানে দাখিল মাদ্রাসার দ্বিতল ভবনের নিচতলার একটি কক্ষে কাশিপুর আদর্শ হেফজখানা মাদ্রাসার ছাত্রদের পড়ানো হয়। বর্তমানে ২২ জন্য ছাত্র এই মাদ্রাসায় পড়ছে।
১৯৭৬ সালে মাওলানা আলী আকবর হাওলাদার মারা যাওয়ার পর তার ছেলে খাদ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার ১৯৯৬ সালে ‘আলী আকবর ওয়েলফেয়ার ট্রাস্ট’ গঠন করেন। আব্দুল আউয়াল হাওলাদার ট্রাস্ট্রের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। ট্রাস্টের অধিনে কাশিপুর আদর্শ হেফজখানা, কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা, আলী আকবর স্মৃতি পাঠাগার, কাশিপুর গণকবর স্থান, কাশিপুর নূরীয়া এতিমখানা ও কাশিপুর বাইতুন নূর জামে মসজিদ পরিচালিত হচ্ছে।




