নিরাপদ অভিবাসনের বিষয়ে সচেতনতা তৈরি, অনিয়মিত অভিবাসন কমিয়ে বৈধভাবে ইউরোপে কর্মী পাঠানো এবং বিদেশফেরতদের টেকসই প্রত্যাবাসন ও পুনরেকত্রীকরণসহ অভিবাসনের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি কাজ করতে বেসরকারি সংস্থা ব্র্যাকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি)।
ঢাকায় ব্র্যাক সেন্টারে সোমবার আইসিএমপিডির উপ মহাপরিচালক সেদেফ ডেয়ারিং এবং ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি কর্মসূচির জ্যেষ্ঠ পরিচালক অরিঞ্জয় ধর এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
আইসিএমপিডির চীফ অব স্টাফ রোমেড পারফ্ল্যার, প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমাদি, বাংলাদেশের কর্মকর্তা ফজলে করিম, ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান, সহযোগী পরিচালক (মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম ) শরিফুল হাসান এবং প্রবাসবন্ধু লিমিটেড ও ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রধান গোলাম ফারুকসহ দুই সংস্থার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে অনিরাপদ অভিবাসন কমানো এবং ইউরোপের শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের দক্ষ কর্মীদের সংযোগ তৈরিতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেন আইসিএমপিডির উপ মহাপরিচালক সেদেফ ডেয়ারিং।
তিনি বলেন, বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অভিবাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা নিয়োগকর্তাদেনর চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি ও তাদের বৈধভাবে বিদেশে পাঠানো, অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরী। আইসিএমপিডি আন্তর্জাতিকভাবে এই কাজগুলো করছে।
ব্র্যাকের মতো প্রতিষ্ঠানকে নিয়ে এই কাজ আরো এগিয়ে নেওয়া সম্ভব। ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক অরিঞ্জয় ধর বলেন, ব্র্যাক দীর্ঘদিন ধরে নিরাপদ অভিবাসন, বিদেশ- ফেরত অভিবাসীদের টেকসই পুরেকত্রীকরণ এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কাজ করে আসছে। অন্যদিকে, আইসিএমপিডি আন্তর্জাতিক পর্যায়ে অভিবাসন নীতি ও সুশাসন উন্নয়নে সরকার ও বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করে থাকে। এই অংশীদারত্বের মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও স্থানীয় বাস্তবতাকে সমন্বিত করে অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, অভিবাসনে সুশাসন, শ্রম অভিবাসন, প্রত্যাবাসন ও পুনরেকত্রীকরণ, অনিয়মিত অভিবাসন কমাতে সচেতনতা তৈরি, জনমানসে অভিবাসন-সংক্রান্ত সঠিক তথ্যনির্ভর ধারণা গড়ে তোলা, প্রবাসী জনগোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথভাবে কাজ করবে ব্র্যাক ও আইসিএমপিডি। এছাড়া নীতিগত সংলাপ, গবেষণা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা
বিনিময় এবং বিভিন্ন অংশীজনের সম্পৃক্ততার মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও মানবিক করে তোলার উদ্যোগে কাজ করবে এই দুই প্রতিষ্ঠান।




