করোনালগ্নে হাসপাতালেই বিয়ে সারলেন ডাক্তার আর নার্স

করোনালগ্নে হাসপাতালেই বিয়ে সারলেন ডাক্তার আর নার্স

করোনাভাইরাসের কারণে বিয়ের অনুষ্ঠান বাতিল করেছিলেন লন্ডনের একজন ডাক্তার ও নার্স। শেষ পর্যন্ত হাসপাতালেই বিয়ে করলেন, যেখানে তারা কাজ করেন। ৩৪ বছর বয়সী নার্স জান টিপিং এবং ৩০ বছর বয়সী চিকিৎসক আন্নালান নাভারাতনাম লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের গ্রেড টু তালিকাভুক্ত একটি উপাসনালয়ে বিয়ে করেন।

তাদের এই বিয়ের অনুষ্ঠান লাইভ সম্প্রচার করা হয় যাতে স্বজনরা বাড়িতে বসেই অংশ নেন। এই যুগল জানায়, এখনো পর্যন্ত সবাই সুস্থ থাকার কারণে তারা বিয়ের এই সিদ্ধান্ত নিয়েছেন। টিপিং এবং নাভারাতনাম তাদের আসল বিয়ের অনুষ্ঠান বাতিল করেছিলেন। আগামী অগাস্টে তাদের ওই মূল বিয়ের পরিকল্পনা ছিল। তারা ভেবেছিলেন যে, নর্দার্ন আয়ারল্যান্ড আর শ্রীলংকা থেকে তাদের স্বজনরা হয়তো আসতে পারবেন না। সে কারণেই ওই অনুষ্ঠান বাতিল করেন।

এর পরিবর্তে সাউথ লন্ডনের তুলসি হিল এলাকার এই বাসিন্দারা তাদের বিয়ের অনুষ্ঠান এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। টিপিং একজন জরুরী সেবা বিভাগের নার্স। তিনি বলেন, তারা এই সিদ্ধান্ত নেন কারণ ‘আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যাতে সবাই আনন্দ করতে পারে, সবাই এখনো সুস্থ, যদিও আমাদের স্বজনরা আমাদেরকে স্ক্রিনেই দেখছে। ২৪ এপ্রিল অনুষ্ঠিত তাদের বিয়েকে তারা ‘অন্তরঙ্গ’ ও ‘চমৎকার’ বলে উল্লেখ করেছেন। কিন্তু বলেন যে, তারা দুজনেই যে জায়গাটাতে কাজ করেন সেখানে বিয়ে করাটা ‘অদ্ভুত’ মনে হচ্ছে।

নাভারাতনাম একজন চিকিৎসক হিসেবে সেন্ট থমাস হাসপাতালে এক বছর ধরে কাজ করছেন। তিনি বলেন, ‘খুবই খুশি কারণ আমরা একে অপরের কাছে অঙ্গীকারবদ্ধ হতে পেরেছি।’ নব দম্পতির জন্য ভার্চুয়াল অভ্যর্থনা, নাচ এবং বক্তব্যের ব্যবস্থা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।