আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত ৬ বাংলাদেশীর মধ্যে দুই জনের বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়।
নিহতদের সংবাদে ওই বাড়িতে চলছে শোকের মাতম। সরেজমিনে উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রামে গিয়ে নিহত বাবুল ও তার ছোট ভাই সহিদুলের বাবা মা ও নিহতর স্ত্রী ও স্বজনেরা বারবার মূর্ছা যাচ্ছেন।
নিহতর চাচা ও ওই ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহম্মদ আলী হোসেন জানান, বৃহস্পতিবার বাংলাদেশী সময় সকাল ১০টা ও সৌদি আরবের সময় ৭টায় একটি মাইক্রোবাস যোগে বাবুল (৪৭) ও তার ছোট ভাই সহিদুল (৩৬)সহ ১০জন বাংলাদেশী দাম্মাম থেকে ৩শ কিলোমিাটার দূরে কাজে যাচ্ছিল। পথিমধ্যে আল জুবাইল-ডাহারান সড়কে আকস্মিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই বাবুল ও সহিদুলসহ ৬জন মারা যায়। নিহত বাবুল ও সহিদুলের বাবার নাম আ. হাকিম হাওলাদার। বাবুল পেশায় স্যানিটারী মিস্ত্রী ও তার ছোট ভাই সহিদুল টাইল্স মিস্ত্রীর কাজ করতেন। বাবুল ১০ বছর ও সহিদুল ১২/১৩ বছর আগে সৌদি আরব যায়। নিহত বাবুলের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অপর দিকে সহিদুলের স্ত্রী ও দুই মেয়ে রায়েছে। ছেলেদের মৃত্যুর সংবাদ পেয়ে মা নূরজাহান বেগম সংঙ্গাহীন রয়েছেন।
আলী হোসেন আরও জানান ওই সড়ক দূর্ঘটনায় তার আত্মীয় উজিরপুরের জল্লা গ্রামের সহিদ হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলামও নিহত হয়েছেন। এছাড়াও ওই সড়ক দূর্ঘটনায় ভোলার সাহাবুদ্দিন, পটুয়াখালীর বাচ্চু ও পাবনার রানা ছয়জন নিহত হয়। গুরুতর আহত হয় সাইফুল ইসলাম। আহতদের সৌদির কাতিপ হাসপাতালে ভর্তি ও নিহতদের একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষনিক সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহকে জানানোর পর ঘটনাস্থলে দূতাবাসের কর্মকর্তারা এসেছে পৌঁছেছেন।



