সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে রংপুর সিটি করপোরেশনে : সুজন

বিশেষ প্রতিবেদকঃ  আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে এখন পর্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনের রসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য উপস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, মাঠ পর্যায়ে পর্যালোচনা করে দেখা গেছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সব মিলে এখন পর্যন্ত রংপুরে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিরাজ করছে।  তবে সামনে কী পরিস্থিতি সৃষ্টি হবে এ বিষয় কিছু বলতে পারছি না। সেটা মূলত দেখার বিষয়।

তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখনো পর্যন্ত আমাদের দৃষ্টিতে নির্বাচন পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

সুজন সম্পাদক জানান, আয়কর বিবরণীতে মেয়র প্রার্থীরা বাৎসরিক পারিবারিক ব্যয়ের যে বিবরণ দেখিয়েছেন তা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া যে পরিমাণ অর্থ তারা সারা বছরে ব্যয় হিসাবে দেখিয়েছেন তা আদৌ বিশ্বাসযোগ্য না।

এ সময় নির্বাচনী আইনি কাঠামোর সংস্কার, না ভোটের বিধান চালু, অনলাইনে মনোনয়নপত্র জমা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য আচরণবিধি ও প্রার্থীদের আয়-ব্যয়ের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খুঁটিয়ে দেখার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, আমরা চাই গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন। যেখানে কোনো ব্যালট চুরি হবে না। ছিনতাই হবে না। যারা ভবিষ্যতে সততার সঙ্গে কাজ করবেন তারাই নির্বাচিত হবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান, সাংবাদিক ও কলামিস্ট আবুল মকসুদ, সহ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।