এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শিয়ালা এলাকা থেকে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু ছত্তার বাহিনী। শনিবার বিকেলে মাছ ধরে জেলে নৌকায় বাড়ি ফেরার পথে তাঁদেরকে অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হারুন বয়াতীর ছেলে মিজান বয়াতী (২৫) ও লুৎফর তালুকদারের ছেলে সুজন তালুকদার (২০)। তাদের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা করে দাবি করেছে বনদস্যুরা।
গতকাল রবিবার সকালে ফিরে আসা অন্য জেলেরা জানান, এক সপ্তাহ আগে ছয় জেলে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশন থেকে পারমিট নিয়ে বনে মাছ ধরতে যান। মৎস্য আহরণের নিষেধাজ্ঞার শেষ দিন তারা ফেরার সময় বনদস্যু ছত্তার বাহিনী ছয় জেলের মধ্য থেকে দুজনকে মুক্তিপনের দাবীতে অপহরণ করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে যায়।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, দুই জেলেকে অপহরণের বিষয় খোঁজ নিয়ে তাদের উদ্ধারে অভিযান চালানো হবে।




