স্টাফ রিপোর্টারঃ সিলেট ইসকন মন্দিরে হামলাকারির দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা।
আজ শনিবার সকাল ১১টায় রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।
গতকাল ০২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন কাজল শাহ সিলেটে ৩টি মসজিদ থেকে মাইকে ঘোষনা দিয়ে নির্লজ্জ ভাবে কতিপয় সন্ত্রাসীরা হামলা ভাংচুর চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাংগ দাস ব্রহ্মচারী ও সাধারন সম্পাদক শ্রীপাদ ভাগবত করুনা দাস ব্রহ্মচারী।
বিবৃতিতে তারা বলেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সিলেট শান্তিপূর্ণ ভাবে শুক্রবার দুপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা ও হরিনাম সংকীর্তন করার সময় ইসকন মন্দিরের চারিদিক থেকে দেশি-বিদেশি অস্ত্র সহ সন্ত্রাসীরা অতর্কিত ভাবে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর চালায় ও বৃষ্টির মত ইট ছোড়ে মারে। তাদের হামলায় অনেক ভক্ত আহত হন এবং ইসকন মন্দিরের অনেক ক্ষয় ক্ষতি হয়।
বিবৃতিতে তারা বলেন, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন সকল ধর্ম, বর্ণ, গোত্র ও জাতি গোষ্ঠির ধর্মীয় ভাবাবেগ ও বিশ্বাসের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। ইসকন কখনো কোনো ধর্ম, বর্ণ, গোত্র ও জাতি গোষ্ঠিকে আঘাত দিয়ে কাজ করে না। এবং করবেও না কখনো।
বিবৃতিতে নেতৃবন্দ বলেন, ইসকন মন্দিরে মধ্যযুগীয় ভাবে যারা হামলা, ভাংচুর ও ক্ষয় ক্ষতি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দেহের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি সহ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।