সিলেটে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে অমর একুশের ভাষা শহিদদের। যে ভাষায় আমরা কথা বলতে শিখেছি। সেই মহান শহিদদের শ্রদ্ধা জানাতে রাতের প্রথম প্রহরে ২১ ফেব্রুয়ারি রোববার দিনগত রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ছিল সর্বস্তরের মানুষের ঢল। শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধাভরে সম্মান প্রদর্শন ও ফুলেল শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ করেছে সিলেটের মানুষ। রাত ১২টা ০১ মিনিটে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। একে একে শ্রদ্ধার পুষ্পাঞ্জলিতে ভরে উঠবে শহিদ বেদি।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এই দিনে রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের তাজা রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বাংলা। আজও তাকে ভোলেনি বাংলার মানুষ।
ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রশাসনের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল হাতে শ্রদ্ধা নিবেদন করে।
রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহিদ মিনার বাস্তবায়ন পরিষদের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন কার্যক্রম। এরপর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, ডিআইজি, সিলেট রেঞ্জ শাহ মিজান শাফিউর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, জেলা প্রশাসক শেখ রাসেল হাসানসহ অন্যরা শ্রদ্ধা নিবেদন করেন।


