সিইউজে : শ্যামল সভাপতি ফেরদৌস সম্পাদক

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে নাজিমউদ্দিন শ্যামল সভাপতি ও হাসান ফেরদৌস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩৯২ জন ভোটারের মধ্যে ৩৬১জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রামের সাংবাদিকদের প্রধান এই সংগঠনের ভোট গ্রহণ চলে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক ভোট গণনা শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৯টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফলাফলে সভাপতি পদে নাজিমউদ্দিন শ্যামল ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ১৭০ ভোট। সভাপতি পদে অপর প্রার্থী সমীর বড়ুয়া ব্যক্তিগত কারণ দেখিয়ে আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বিজয়ী নাজিমউদ্দিন শ্যামল এক সময় সিইউজের সা্ধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেন। রিয়াজ হায়দার চৌধুরী বিদায়ী কমিটির সভাপতি ছিলেন।

সিনিয়র সহ-সভাপতি পদে জিতেছেন একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান মাঈনুদ্দিন দুলাল। তিনি পেয়েছেন ১৪৯ ভোট। প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বদেশের ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার রতন কান্তি দেবাশীষ পেয়েছেন ১১৬ ভোট।

সহ-সভাপতি পদে দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী ২১১ ভোট পেয়ে জিতেছেন। তার প্রতিদ্বন্দ্বী একই গণমাধ্যমের সহ সম্পাদক আবসার মাহফুজ পেয়েছেন ১২৯ ভোট। মোহাম্মদ আলী বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক।

সাধারণ সম্পাদক পদে হাসান ফেরদৌস পেয়েছেন ১৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকাশিতব্য দৈনিক বাংলাদেশের খবরের ব্যুরো প্রধান শামসুল ইসলাম পেয়েছেন ১৬২ ভোট।

একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌস চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটিরও সাধারণ সম্পাদক। ম. শামসুল ইসলাম ইতিপূর্বে দুই দফায় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছিলেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার সবুর শুভ ১৬৭ ভোট পেয়ে জিতেছেন। প্রতিদ্বন্দ্বী দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ পেয়েছেন ১২৫ ভোট।

অর্থ সম্পাদক পদে বিজয়ী দৈনিক আজাদীর সহ সম্পাদক কাশেম শাহ পেয়েছেন ২১৮ ভোট। প্রতিদ্বন্দ্বী সৌমেন ধর পেয়েছেন ১০৪ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার এস এম ইফতেখারুল ইসলাম ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী আলোকময় তলাপাত্র পেয়েছেন ১৫১ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী দৈনিক সমকালের প্রতিবেদক আহমেদ কুতুব পেয়েছেন ১৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের কাগজের প্রতিবেদক প্রীতম দাশ পেয়েছেন ১১৪ ভোট।

নির্বাহী সদস্য পদে বিজয়ী বিডিনিউজটোয়েন্টিফোর.কমের উত্তম সেন গুপ্ত পেয়েছেন ১৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার রুবেল খান পেয়েছেন ১৩৫ ভোট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।