সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া জাগিয়ে ভোটে হারলেন যারা

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া জাগিয়ে ভোটে হারলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সুপরিচিত নেতাদের পাশাপাশি কয়েকটি সংসদীয় আসনের কিছু প্রার্থীও নতুন করে ব্যাপক আলোচনায় এসেছিলেন। ঢাকার ভোটারসহ দেশ বিদেশে থাকা বাংলাদেশিদের কাছে তারা হয়ে উঠেছিলেন খুব পরিচিত, আলোচনার বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় পাতায় ছিল তাদের ছবি, তাদের নিয়ে নানান মন্তব্য, পরামর্শ, আলোচনা, সমালোচনাও।

বৃহস্পতিবার রাতে যখন নির্বাচনের ফলাফল আসতে শুরু করে তখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি খোঁজা হচ্ছিল, আলোচনা হচ্ছিল তাদের ফলাফল নিয়ে। বেশ আলোচনায় থাকা ঢাকার দুটি আসন হলো ঢাকা-৮ ও ঢাকা-৯ আসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচানায় থাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের  ঢাকা-৮ আসনে প্রার্থী ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

অন্যদিকে ঢাকা-৯ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যেমে সাড়া জাগানো এই দুই প্রার্থীই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেছেন।

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন।

জানা গেছে, এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট গ্রহণ হয়। এতে বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন। তাতে মোট ভোট পড়ে ৫৯ হাজার ৩৬৬। অন্যদিকে, ঢাকা-৮ আসনে এনসিপির মোহাম্মদ নাসীরুউদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। তাতে তার পক্ষে মোট ভোট পড়ে ৫৪ হাজার ১২৭টি।

দুই প্রার্থীর মোট প্রাপ্ত ভোটের ব্যবধান অনুযায়ী মির্জা আব্বাস ৫ হাজার ২৩৯ ভোটে জয়ী হয়েছেন। এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেফায়েত উল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট। এছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে মোট ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয়েছে ২ হাজার ৮১৭টি এবং বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৬৭। এ আসনে পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ১২ জন। পোস্টাল ভোটের মধ্যে বাতিল হয়েছে ৩২০টি।

অন্যদিকে ঢাকা-৯ আসনে বেসরকারি ফলাফলে হেরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি তার ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের প্রাথমিক ফলাফলে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফল অনুযায়ী, এই আসনে ধানের শীষ প্রতীকে হাবিবুর রশিদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। জাবেদ মিয়ার তুলনায় ৫৭ হাজার ৭৫২ ভোট এবং তাসনিম জারার তুলনায় ৬৬ হাজার ৫২৮ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন ধানের শীষ প্রতীকের হাবিবুর রশিদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।