সন্ত্রাসবাদ কিভাবে দমন করতে হয় তা ভালো করে পাকিস্তানকে বুঝিয়ে দেয়ার হুমকি

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ  সম্প্রতি ভারতের নয়া সেনাপ্রধান পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, যদি পাকিস্তান সন্ত্রাসবাদ রুখতে কোন রকম পদক্ষেপ না নেয় তাহলে, পাল্টা হিসেবে সন্ত্রাসবাদ কিভাবে দমন করতে হয় তা ভালো করে আমরা প্রতিবেশী দেশকে বুঝিয়ে দেব।

দিল্লির ক্যান্টনমেন্ট আর্মি প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ৭২ তম সেনাদিবসের অনুষ্ঠানে এসে দেশের নয়া সেনাপ্রধান এম এম. নারাভানে বলেন ভারতের সংবিধানের ইতিহাসে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার ছিল একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই বিশেষ মর্যাদা তুলে নেওয়ার ফলে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে ছায়া যুদ্ধ এড়ানো গিয়েছে। এই ধারা প্রত্যাহারের ফলে জম্মু ও কাশ্মীরবাসীদের ভারতের মূলস্রোতের সঙ্গে মিশে যেতে সাহায্য করবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ দমনে আমাদের সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই কাজ করছে। এদিন নাম না করে পাকিস্তানকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ”সন্ত্রাসবাদের মদত দাতাদের রুখতে আমাদের কাছে অনেকগুলি বিকল্প পথ খোলা রয়েছে। প্রয়োজনে সেই বিকল্প পথগুলি ব্যবহার করতে আমরা দ্বিধা বোধ করব না।

গত মাসেই প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াতের জায়গায় নিযুক্ত হন মনোজ মুকন্দ নারাভানে। নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরই সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি। ইসলামাবাদকে কটাক্ষ করে  তিনি  জানান, পাক সীমান্ত দিয়ে ভারতে সন্ত্রাস প্রবেশ রুখতে এবং অশান্তি বন্ধ করতে সেনাবাহিনী যে কোনও ধরনের হামলা চালাতে সর্বদা তৈরি। এবং প্রতিবেশী দেশকে পাল্টা হিসেব দিতে এই হামলা চালানোর পূর্ণ অধিকার রয়েছে আমাদের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।