সব দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে জরুরিভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে এবং দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ভাষণে তিনি এসব জানান।
জাতির উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আসুন দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা-বিদ্বেষ ভুলে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলা আটকসহ সব বন্দি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পদ রক্ষার্থে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন, শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি।
রাষ্ট্রপতির ভাষণের সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।


