আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ার সীমান্তবর্তী কুড়লিয়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নাশকতা ও হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী উজিরপুরের কুড়লিয়া গ্রামে খ্রিস্টান পল্লী ও হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এলাকায় দীর্ঘদিন যাবৎ একটি সুবিধাভোগী মহল দখল বানিজ্য, হামলাসহ বিভিন্ন ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিরব নির্যাতন চালাচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। সম্প্রতি কুড়লিয়া গ্রামের খ্রিস্টান পল্লীর দানিয়েল বাড়ৈর ঘরে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে নারীসহ পরিবারের ৩জনকে অজ্ঞান করে নগদ অর্থ স্বর্নালংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। ওই পরিবারের ৩জনকে অজ্ঞান অবস্থায় আগৈলঝাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ওই ঘটনার পরপর একটি মৎস ঘরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে। এঘটনায় দানিয়েল বাড়ৈ বাদী হয়ে স্থানীয় আতিয়ার হোসেন, ইয়ারুল শেখ ও তার স্ত্রী রোকসনার বিরুদ্ধে উজিরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের পর বিবাদী ও তার অনুসারীরা খ্রিস্টান পল্লীর লোকদের বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি দেয়ার কারনে গতকাল শুক্রবার বিকেলে কুড়লিয়া গীর্জা বাড়ি সড়কে এলাকার বাসিন্দারা নশকতা ও অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে।
এসময় প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক এনজিও কর্মকর্তা সুজিত বাড়ৈ, পুনঃদান বাড়ৈ, ইউপি সদস্য মনিন্দ্র হাওলাদার, পংকজ জয়ধর, তপন বাড়ৈ। এঘটনায় জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু ও উজিরপুর থানার এসআই লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।



