ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন। কোনো অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে দেবে না জনগণ। বিএনপিকে উদ্দেশ্য করে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার (১৯ অক্টোবর) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী আরো বলেন, ‘জনরায়ের বিরুদ্ধে বিএনপি কর্মসূচি দিয়েছে, কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি নষ্ট করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে আওয়ামী লীগ।’
সদ্য শেষ হওয়া সংসদীয় আসনের উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে। কমিশনকে শক্তিশালীকরণে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন, ঢালাও সমালোচনা না করে গঠনমূলক অভিযোগ দিলে কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।’
উপ-নির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ছে, তাঁদের বিরোধিতা আর মিথ্যাচার এখন অস্থিমজ্জার অংশ হয়ে গেছে। তিনি বলেন, কোনো ইস্যুতে বিএনপি স্থির নয়, মাঠের রাজনীতিকে তাঁরা এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে। বিএনপির রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে৷ সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই।



