বিশেষ প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কেআবেগতাড়িত ও বিদ্বেষপূর্ণ বলে মন্তব্যকরেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সরকারের পক্ষ থেকে দেওয়া রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মন্ত্রী এ মন্তব্য করেন।
গত ১ আগস্ট বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ সাত বিচারপতির স্বাক্ষরের পর ৭৯৯ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।এর আগে ৩ জুলাই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করেদেওয়া হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।
রায়ের প্রতিক্রিয়ায় গতকাল বুধবার আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় অগণতান্ত্রিক ও পূর্বপরিকল্পিত। বিকেলে জাতীয় আইন কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন কমিশনের চেয়ারম্যান আরো বলেন, ষোড়শ সংশোধনীর রায়ে সংবিধানের অপব্যাখ্যা করা হয়েছে।তাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে আনতে হলে আবার সংবিধান সংশোধন করতে হবে।
সংবিধানে যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল না, সেহেতু এটারাখা সংবিধান পরিপন্থী।সাবেক প্রধান বিচারপতির বক্তব্যের একদিন পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ রায়ের বিরুদ্ধে সরকার কোনো রিভিউ আবেদন করবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রায়ের পর্যবেক্ষণে নির্বাচন, জাতীয় সংসদ, সংসদ সদস্য, সরকার ও মহান স্বাধীনতার মতো বিষয়ে ‘আপত্তিকর’ শব্দ ব্যবহার করা হয়েছে। সেগুলো এক্সপাঞ্জ করার জন্য আবেদন করা হবে।
মন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করা হয়েছে। এটি একটি অস্বচ্ছ প্রক্রিয়া। এটি সামরিক আমলের স্বৈরশাসকদের বই থেকে নেওয়া।



