রেলঅঙ্গনে নিজস্ব ব্রান্ডের বোতলজাত পানি “রেল পানি’’ প্রবর্তনের নিমিত্ত বাংলাদেশ রেলওয়ে অতি সম্প্রতি উন্মুক্ত দর পত্রের মাধ্যমে শ্যামলী ফুড এন্ড বেভারেজ, ২৭/ক, পিসি কালচার হাউজিং সোসাইটি শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা এর সাথে চুক্তিবদ্ধ হয়। বিষয়টি নিয়ে কিছু কিছু গণমাধ্যম সঠিক তথ্য যাচাই বাছাই না করে মনগড়া ও উদ্দেশ্য প্রনোদিত প্রতিবেদন প্রকাশ করেছে।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের বক্তব্য হলো “বাজারে বহুল প্রচলিত শ্যামলী ড্রিংকিং ওয়াটার, শ্যামলী ফুড এন্ড বেভারেজ কর্তৃক প্রস্তুতকৃত পানি বিএসটিআই এবং বুয়েট কর্তৃক সনদপ্রাপ্ত বোতলজাত পানি। একই ফ্যাক্টরীতে প্রস্তুতকৃত একই পানি রি-ব্রান্ডিং করা হয়েছে মাত্র” অর্থাৎ রেলওয়ের জন্য ব্যবহৃত বোতলে শ্যামলী নামের পরিবর্তে কেবল মাত্র লেবেল পরিবর্তন করে রেল পানি নামকরণ করা হয়েছে।
উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ শ্যামলী পানি বাজারে বিক্রি হলেও এ পানির বিরুদ্ধে কখনও কোন অভিযোগ পরিলক্ষিত হয়নি। রেল অঙ্গনে রেল পানি বাজারজাতের সাথে সাথেই এ ধরনের অভিযোগ উদ্দেশ্য প্রনোদিত বলে প্রতিয়মান হয়। তদুপরি এ পানির গুণগত মান পরীক্ষার জন্য বিএসটিআই এবং বুয়েট কে নমুনা পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বাজারজাত করণে গণমাধ্যমের প্রতিক্রিয়া বাংলাদেশ রেলওয়ে অবহিত হয়ে আপততঃ এ পানি বিক্রি বন্ধ রেখেছে। বিএসটিআই এবং বুয়েটের পরীক্ষার সনদ প্রাপ্তির পর পূনরায় বাজারজাত করণের ব্যবস্থা নেয়া হবে।




