হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে গিয়ে ব্যাগেজ হ্যান্ডলিংয়ে (মালামাল খালাস ও হস্তান্তর) সময় কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। উড়োজাহাজ অবতরণের পর যাত্রীরা যাতে দ্রুত ও নিরাপদে তাদের ব্যাগেজ হাতে পান, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরে পরিদর্শনে যান মন্ত্রী। বেলা একটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। এ সময় উড়োজাহাজটির কার্গো হোল্ড খোলা থেকে শুরু করে ব্যাগেজ হ্যান্ডলিং ও যাত্রীদের কাছে তা হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়া সরেজমিন তদারকি করেন তিনি।
বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিমানবন্দরে আসা যাত্রীদের ব্যাগেজ ব্যবস্থাপনায় সময় কমিয়ে আনা অত্যন্ত জরুরি। এ জন্য উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট ও কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে। এছাড়া কোনো ফ্লাইট অবতরণের আগেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মীদের পরিকল্পিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে যাত্রীসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ব্যাগেজ হ্যান্ডলিংয়ের অগ্রগতি সম্পর্কে যাত্রীদের তাৎক্ষণিক তথ্য দিতে বিমানবন্দরে লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ দেন বিমানমন্ত্রী।
পরিদর্শনের সময় বিমানবন্দরের বিভিন্ন শৌচাগার ঘুরে দেখেন বিমানমন্ত্রী। তিনি বলেন, বিমানবন্দরে আসা যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও উন্নত সেবা নিশ্চিত করতে শৌচাগারের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। এ সময় তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমও তদারকি করেন।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদসহ বেবিচক ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



