স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে ময়না খাতুন (৩১) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শার্শার নাভারন কাজিরবেড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
জানা যায়, রাত ৮টার দিকে উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের ভাড়া বাড়িতে আরিফ খেলা করছিল। এসময় বাড়ির পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভি ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের তারে অসাবধানতাবশত হাত লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় বাড়ির মালিকের স্ত্রী ময়না খাতুন দৌড়ে এসে একটি কাঠ দিয়ে তাকে ছাড়াতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।
পরে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত বলে ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার এবিএম রনি বলেন, আরিফকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহত ময়না খাতুন চিকিৎসাধীন রয়েছেন।




