চিকিৎসার প্রয়োজনে ৬ মাসের জন্য দুটি শর্তসাপেক্ষে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। শর্ত ভঙ্গ করলে জামিন বাতিল হয়ে যাবে। জানালেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আজ বুধবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শর্তদুটি হলোঃ ১. তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং ২. ঢাকায় নিজ বাসায় থাকতে হবে। এই দুই শর্তে তাকে মুক্তি দেয়া হয়েছে।
শুধুমাত্র চিকিৎসার প্রয়োজনে ৬ মাসের জন্য ছোট ভাই শামীম ইস্কান্দারের জিম্মায় খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে বলে জানান তিনি।
মাহবুবে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ছয় মাসের জন্য খালেদা জিয়ার সাজা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
আদেশে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন তা কারাগারে পাঠানো হবে। তারপরই বেগম জিয়া মুক্তি পাবেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়া। তাকে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বিশেষ কারাগার স্থাপন করে সেখানে রাখা হয়। গত বছরের এপ্রিল থেকে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন।



