শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুর সরকারী কলেজের সাহিত্য সাংস্কৃতিক বিভাগের আয়োজনে কলেজ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কাজী সোহরাব উদ্দিন, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, মাকসুদা খাতুন, কলেজ শাখা শিক্ষক পরিষদের সম্পাদক মো. অলিউর রহমান সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, জেলা ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠান শেষের দিকে জেলা ছাত্রলীগের আহবায়ক মো. মহসিন মাদবর ও যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়ালের সমর্থকদের মধ্যে অনুষ্ঠানে বসা নিয়ে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সদর উপজেলার চিতলিয়া ইউপি আ’লীগ সভাপতি হারুন অর রশিদের ছেলে ও মহসিন মাদবরের সমর্থক কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহান হাওলাদার সহ সোহেল ঢালী, কলেজের ছাত্র মকবুল মাদবর, সজল, সুজন, শাকিল, রবিন, শামীম আহত হয়। এদের মধ্যে সোহান হাওলাদারকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর বলেন, আমি সদর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় উপস্থিত ছিলেন। ফোনের মাধ্যমে জানতে পারি কলেজের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে টিপু কোতোয়ালের নেতৃত্বে আমার সমর্থকদের উপর দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে সোহান হাওলাদার সহ আমার সমর্থক ৫ জন আহত হয়েছে। জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়াল বলেন, কলেজের অনুষ্ঠানে আমার সমর্থকরা সামনের সাড়িতে বসলে মহসিন মাদবরের নির্দেশে আমার সমর্থকদের অনুষ্ঠান থেকে বের করে দেয়া হয়। পরে এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আমার ৪জন কর্মী আহত হয়।
শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কলেজ হলরুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করি। অত্যন্ত সুন্দর ভাবে অনুষ্ঠানে শেষ হয়েছে। পরে বাড়িতে গিয়ে শুনতে পাই কলেজের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, শরীয়তপুর সরকারী কলেজে শোক দিবসের অনুষ্ঠানে সামনে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহসিন মাদবর গ্রুপের একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।


