বিশেষ প্রতিবেদকঃ মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বেশি দিন এ দেশে থাকলে মানবিক বিপর্যয় দেখা দেবে। আন্তর্জাতিক সন্ত্রাসীরা রোহিঙ্গাদের ব্যবহার করতে পারে। বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে ‘রোহিঙ্গা সমস্যা সমাধান কোন পথে ও বর্তমান পেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় মোশাররফ এই মন্তব্য করেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই আলোচনার আয়োজন করে। এতে দেওয়া ব্ক্তব্যে মোশাররফ বলেন, ‘সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই সংকট প্রকট আকার ধারণ করেছে।’
মিয়ানমারে গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া সেনা অভিযানের পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। নির্যাতন ও হত্যা থেকে বাঁচতে এখনো বহু রোহিঙ্গা সীমান্তে পেরিয়ে ঢুকছে কক্সবাজারে।
রোহিঙ্গা সংকটে বিভিন্ন দেশ সরকারের পক্ষে নেই উল্লেখ করে ড. মোশাররফ বলেন, ‘সরকার আমেরিকাকে বোঝাতে ব্যর্থ হয়েছে। কূটনৈতিক ব্যর্থতা এখান থেকেই শুরু হয়েছে। চীন, ভারত, সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) কেউ বাংলাদেশের পাশে নেই।’
সরকারের সংকটের দায় এড়াতে পারবে না মন্তব্য করে বিএনপির বর্ষীয়ান এই নেতা বলেন, ‘যদি প্রথম থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া হতো তাহলে সংকট এত প্রকট আকার ধারণ করত না।’
‘মানবিক কারণেই আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি। তবে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।’
আলোচনা সভায় জাগপার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রেহানা প্রধান বলেন, ‘আজকে আমাদের সবাইকে মাঠে নামতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে জোরদার আন্দোলন করতে হবে। রোহিঙ্গাদেরকে নিজ দেশ মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নিয়ে যেতে হবে।’

