বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর কমলাপুরে রেলওয়ে জেনারেল হাসপাতালকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়ার উপযোগী করতে করণীয় নির্ধারনে সুপারিশ প্রদানের লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) হাবিরুর রহমানকে প্রধান করে এই কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চারজন এবং রেলওয়ে মন্ত্রণালয়ের তিনজনকে অন্তর্ভূক্ত করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে আলোচনা করে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করার জন্য মন্ত্রী কমিটিকে নির্দেশ দেন।
আজ সচিবালয়ে এ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশ দেন।
সভায় অন্যান্যের মাঝে রেলমন্ত্রী মুজিবুল হক, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনসহ স্বাস্থ্য ও রেল মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক আগ্রহে রেলওয়ে হাসপাতালকে সব ধরনের মানুষের চিকিৎসা পাওয়ার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাজধানীর বিভিন্ন অঞ্চলে জেনারেল হাসপাতাল নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। দ্রুততম সময়ের মধ্যে এই হাসপাতালকে সর্বসাধারণের জন্য পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।





