রেলওয়েতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ জার্মানির

রেলওয়েতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ জার্মানির

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনের সাথে ঢাকায় রেলভবনে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত Peter Fahrenholtz সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে যশোরের নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণসহ বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন ক্ষেত্রে জার্মানির বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত।

রেলপথ মন্ত্রী জার্মান রাষ্ট্রদূতকে জার্মানির উচ্চ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়াও জার্মানিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানান।

রেলপথ মন্ত্রী রেলওয়ের বর্তমান অবস্থান তুলে ধরে বলেন, বর্তমান সরকার রেলখাতকে অধিক গুরুত্ব দিয়েছে। রেলপথের উন্নয়নে ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন।

মন্ত্রী বলেন, একটি দেশের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। রেলওয়েতে অনেকগুলো প্রকল্প বর্তমানে চলমান আছে জানিয়ে তিনি বলেন, কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মিত হচ্ছে। এছাড়া যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ-সহ অনেক প্রকল্প চলমান আছে।

রেলপথ মন্ত্রী আরো বলেন, বেশিরভাগ সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে রুপান্তর করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া মিটারগেজগুলোকে ডুয়েল গেজে রূপান্তর করা হচ্ছে। দেশের সকল জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।

সাক্ষাৎকালে সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।