সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী আজ

একাত্তরের যুদ্ধের সম্মুখ সমরে মেজর হিসেবে নেতৃত্বদানকারী, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী আজ শুক্রবার। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির পাঁচ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তাঁর ডাকনাম কমল।

জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সেই রাজনৈতিক দল তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় শেরেবাংলানগরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ। একই দিন নয়াপল্টনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং আগামীকাল বিএনপির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকে জিয়াউর রহমানের ওপর ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের তাদের আন্দোলন চলবে। গতকাল বৃহস্পতিবার বিকালে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই প্রত্যয় ব্যক্ত করেন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।