কুড়িগ্রাম প্রতিনিধিঃ ৩০/০৬/১৯: কুড়িগ্রামের রাজারহাটে গাবুর হেলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষককে হাতুরি দিয়ে পিটিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন মো. আব্দুল হাকিম নামে তারই সহকর্মী এক শিক্ষক। এ ব্যাপারে হুমকির শিকার মো. হারুন অর রশিদ চৌধুরী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোস সুত্রে জানা যায়, গত ২৩ জুন সহকারি শিক্ষক মো. হারুন অর রশিদ ক্লাসে পাঠদান করানোর সময়ে সাজু মিয়া নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে পড়া বুঝাতে ব্যর্থ হয়ে একটু শাসন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন প্রতিষ্ঠানের সভাপতি স্থানীয় কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ওই শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করেন। এ সময় তুচ্ছ এ ঘটনাকে কেন্দ্র করে তাকে হেনস্থার পায়তারার প্রতিবাদ করে সহকারি শিক্ষক মো. হারুন অর রশিদ অভিযোগ করেন, ২৩ জুন সহকারি শিক্ষক মো. আব্দুল হাকিম বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটুনি দেন। এমনকি তিনি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের দিয়ে শরীর ম্যাসেজ করে নিলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো তাকেই হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। এ কথা শেষ না হতেই প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষক মো. আব্দুল হাকিম উপস্থিত সকলের সামনেই শিক্ষক মো. হারুন অর রশিদকে হাতুরি দিয়ে পিটিয়ে মারার হুমকি দেয়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় সহকারি শিক্ষক মো. হারুন অর রশিদ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুল হাকিমের কাছে জানতে চাইলে তিনি জানান, হারুনের সাথে স্কুলে একটু কথা কাটাকাটি হয়েছে, আমি তাকে প্রাণনাশের হুমকি দেইনি।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



