রাজশাহী: রাজশাহীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের আধুনিক সাফারি পার্কে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করে পর্যায়ক্রমে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। আন্তর্জাতিক মানের সাফারি পার্ক
সোমবার সকালে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে চিড়িয়াখানাটির ঐতিহ্য ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তনে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি জানান, খুব শিগগিরই প্রাণিসম্পদ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনায় অভিজ্ঞ একটি বিশেষজ্ঞ দল রাজশাহীতে এসে চিড়িয়াখানাটিকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করবে। তাদের সুপারিশের ভিত্তিতে অবকাঠামো উন্নয়ন, প্রাণী সংরক্ষণ, দর্শনার্থী সুবিধা এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অতীতে চিড়িয়াখানা থেকে হারিয়ে যাওয়া বা অন্যত্র স্থানান্তরিত প্রাণীদের বিষয়ে তদন্ত করা হবে। একই সঙ্গে পর্যায়ক্রমে নতুন প্রাণী সংযোজনের মাধ্যমে জীববৈচিত্র্য সমৃদ্ধ করা এবং দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
চিড়িয়াখানার হরিণের সংখ্যা বৃদ্ধি ও খাদ্যসংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ধারণক্ষমতার তুলনায় বেশি হরিণ থাকায় খাদ্য ও পরিচর্যায় কিছু চাপ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরিবেশসম্মত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, রাজশাহীতে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার (স্লটারিং হাউস) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় স্থান ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে এবং দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।