রাজধানীতে নামেই চলছে লকডাউন। ঢাকার প্রবেশমুখগুলোয় দিন দিন যেন কমছে নজরদারির মাত্রা।
আজ শনিবার (২ মে) সকাল থেকে চোখে পড়েছে মানুষ ও পরিবহনের অবাধ চলাচল। পুলিশ বলছে, মানুষের বের হওয়া ও আইন না মানার প্রবণতাই বেশি।
কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই রাজধানীতে ঢোকা-বের হওয়ার হার প্রতিদিনই বাড়ছে। গণপরিবহন না থাকলেও প্রায় সব ধরনের যানবাহন চলছে স্বাভাবিকভাবেই। অনেক জায়গায় দেখা যাচ্ছে আগের মতোই মানুষ ও পরিবহনের জটলা।
রাজধানীর প্রবেশমুখগুলোর অধিকাংশ চেকপোস্টেই এখন আর আগের মতো তৎপর নয় আইন-শৃঙ্খলা বাহিনী। যে কোনো কারণ দেখিয়েই চলাচল করতে পারছেন যাত্রীরা।
তারা বলেন, আমাদের আসতে কোন সমস্যা হয়নি। গার্মেন্টসের মালিক আসতে বলেছে। চালকরা বলছেন, পেটের দায়েই রাস্তায় নামতে হচ্ছে তাদের। তারা বলেন, আমরা এক দানা চালও পাইনি। গাড়ি না চালালে খাওয়া জুটবে না।
তবে বেশ কিছু জায়গায় যাতায়াত নিয়ন্ত্রণে হিমশিম খাওয়ার দাবি করেন পুলিশ। পেট্রোল ইন্সপেক্টর মোস্তফা কামাল বলেন, আগের চেয়ে মানুষের বাহিরে বের হওয়ার প্রবণতা বেশি। তারপরেও আমরা বুঝাচ্ছি। দায়িত্ব পালন করতে গিয়ে সংক্রমিত ও মৃত পুলিশ সদস্যের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।




