বিশেষ প্রতিবেদকঃ রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সাত সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ দক্ষিণ বিভাগের একটি দল। জঙ্গি সমর্থক, সহায়তাকারী ও অর্থায়নকারী হিসেবে সোমবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সৈয়দ সাদমান চৌধুরী (২৬), মতিউর রহমান ওরফে আবু সুমাইয়া (৪৩), আশিকুর রহমান(৩২), আজিমুল হক ওরফে জিয়ন (৩১), মো. সাব্বির আহমেদ (৩৪), আবদুর রহিম শিকদার(৪২) ও মো. কামাল হোসেন(৪০)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সোমবার সন্ধ্যায় সৈয়দ সাদমান চৌধুরীকে আদাবরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ওই বাসা থেকে ইসলামের অপব্যাখ্যা সম্বলিত বিভিন্ন ধরনের বই, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করে।
তার দেয়া তথ্য মতে, ওইদিন গভীর রাতে ভাষানটেকের একটি মাদ্রাসা থেকে বাকি ছয়জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এসময় পুলিশ তাদের হেফাজত থেকে ইসলামের মাযহাব সম্পর্কে উস্কানিমূলক বেশকিছু বই উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা উগ্রবাদী জঙ্গি সংগঠনের প্রাথমিক স্তর জামাতুল মুসলিমিন-এর পর্যায়ভুক্ত সদস্য। তারা অল্পবয়স্ক শিক্ষার্থীদেরকে ইসলামের বিভিন্ন ধরনের অপব্যাখ্যা দিয়ে তাদের মস্তিষ্কে ইসলামী উগ্রবাদের ধারণা দেয়। ইসলামী উগ্রবাদী জঙ্গি সংগঠনে যোগদানে এবং জিহাদি কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।





